Saturday, July 22, 2017

ধনবাড়ী আবুসিনা ক্লিনিকে ত্রুটিপূর্ণ সিজারে মায়ের মৃত্যুর অভিযোগ, মালিক স্টাফ পলাতক

ধনবাড়ী (টাঙ্গাইলের) প্রতিনিধি: লাশ পোস্ট মর্টেম হবে, থানা পুলিশের ঝামেলা হবে, জানেনই তো বাঘে ছুঁলে এক ঘা, পুলিশে ছুঁলে ১৮ ঘা, যা হয়েছে ভাগ্যে ছিল, ভাগ্য মেনে নিতে হয়- ক্লিনিক কর্তৃপক্ষের এমন ভয় ধরানো
কথায় দরিদ্র পরিবার ত্রুটিপূর্ণ সিজারে সদ্য এক মেয়ে সন্তান প্রসব করা সুমি(২৩) নামে মারা যাওয়া মা কে কোন অভিযোগ না করেই দাফন করে ফেলেছে।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। জামাত নেতা সাবেক উপজেলা আমির আব্দুর রহমান পরিচালিত স্থানীয় আবুসিনা নামের ক্লিনিকে বৃহস্পতিবার বিকেলে সুমি নামের ওই মায়ের সিজারে মেয়ে সন্তান জন্ম নেয়।কিন্তু ত্রুটিপূর্ণ ওই সিজারে প্রচুর রক্ত ক্ষরণে মা সুমির মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সুমি পৌর এলাকার বন্দ টাকুরিয়া গ্রামের দিন মজুর জনৈক জহিরুল ইসলামের স্ত্রী। জহিরুল বিয়ে করার পর থেকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ছত্রপুর গ্রামের শ্বশুর সহিদ মিস্ত্রির বাড়িতে ঘর জামাই থেকে দিন মজুরি করেন।তাদের ঘরে পঞ্চম শ্রেণি পড়–য়া অপর একটি মেয়েও আছে।
জানা গেছে, দ্বিতীয় সন্তান প্রসবের পূর্বে গত বৃহস্পতিবার ধনবাড়ী পৌর শহরস্থ জামাত নেতা আ. রহমান পরিচালিত আবুসিনা ক্লিনিকে ১০ হাজার টাকায় চুক্তিতে ডা. আব্দুর রহিম নামের গাইনী বিভাগের এক প্রশিক্ষিত চিকিৎসকে দিয়ে সিজার করানোর কথা হয়। কিন্তু শেষ পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ কুমিল্লার দাউ্দকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মধুপুর উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম খোকন নামের এনেসথেসিয়া (অজ্ঞানের ডাক্তার) দিয়ে সিজার করানো হয়। সিজার ত্রুটিপূর্ণ হওয়ায় সুমির প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অবস্থা খারাপ দেখে রাতে ধনবাড়ী থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সুমির মৃত্যু হয়।এ ব্যাপারে গাইনী বিশেষজ্ঞ ডা আব্দুর রহিম জানান, তাকে দিয়ে করানোর কথা হয়েছিল কিন্তু পরে ক্লিনিক থেকে যোগাযোগ করা হয়নি।
শুক্রবার সুমির লাশ দাফন করা হয়েছে। শিশুটিকে পাশের এক নি:সন্তান পরিবারের কাছে দত্তক দেয়া হয়েছে। এলাকার ইব্রাহিম নামের একজন জানান, তার ভাই কলেজ শিক্ষক হাবিবুর রহমানের মধ্যস্থতায় ক্লিনিকের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদানের শর্তে লাশ দাফনের ব্যবস্থা হয়েছে।

No comments:

Post a Comment